সাতক্ষীরা প্রতিনিধি॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় নিজ বাড়িতে ফিরে এসেছেন যশোরের শার্শা উপজেলার এক স্বাস্থ্যকর্মী। তার বাড়ি সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকায়। তার বাড়িটি লকডাউন করা হয়েছে। সেই হিসেবে সাতক্ষীরায় এই প্রথম কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। তিনি আরও জানান, একই বাড়িতে বসবাসকারী তার বাবা, মা, স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করা হয়েছে। যা পিসিআর ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে। সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন শাফায়েত বলেন, শহরের উত্তর কাটিয়া এলাকার ওই ব্যক্তি যশোর জেলার শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব অ্যাসিস্টেন্ট পদে চাকরি করেন। তিনি প্রতিদিন সাতক্ষীরা থেকে শার্শায় গিয়ে অফিস করতেন। সেখানে তিনি করোনার উপসর্গ নিয়ে যশোর পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করান। আজ সকালে তার মেডিক্যাল রিপোর্ট পজিটিভ আসে বলে জানান তিনি।





