শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহ জেলাতে প্রথমবারের মতো নারী-পুরুষসহ ২জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। এদের ১জনের বাড়ি ঝিনাইদহ সদরে, অপরজনের কালীগঞ্জ উপজেলায়। শনিবার সকালে ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম গণমাধ্যম কে এটি নিশ্চিত করেন। এর প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকাল থেকে সেনাবাহিনীকেও আরও বেশি তৎপর হতে দেখা গেছে।
বিশেষ করে রাস্তা-ঘাট ও হাট-বাজারে জনসমাগম এড়িয়ে চলতে মাইকিংসহ সচেতনতাতূলক কার্যক্রম অব্যাহত রেখেছে সেনা সদস্যরা। সামাজিক দূরত্ব নিশ্চিত ও করোনা প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে জেলার শৈলকুপাসহ বিভিন্ন উপজেলাতে সেনাদল টহল দিচ্ছে । শৈলকুপায় সেনাবাহিনীর টহল দলে নেতৃত্বদানকারী ক্যাপ্টেন তানজিমুল আনোয়ার জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী সবসময় তৎপর রয়েছে। বাজার-ঘাটে জনসমাগম এড়াতে জনগণকে সচেতন করা হচ্ছে, সকলের সহযোগিতা পেলে করোনা ভাইরাস নিমূল করা সম্ভব হবে।



