লোহাগড়ায় আরেক স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) শরীফ সাহাবুর রহমান গতকাল শনিবার বিকেলে ওই স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হওয়ার কথা জানান। এর আগে এই হাসপাতালের তিনজন ডাক্তার ও দু’জন স্বাস্থ্যকর্মীসহ মোট ৫ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে লোহাগড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭। টিএইচএ শরীফ সাহাবুর রহমান জানান, গত ২২ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে একজন ডেন্টাল টেকনিশিয়ানের করোনা শনাক্ত হয়েছে। তিনি বহির্বিভাগের রোগীদের ওষুধ সরবরাহ করতেন। বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। আগে শনাক্ত হওয়া ৫ জন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নড়াইল জেলায় করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর ৭ জনই লোহাগড়া উপজেলার। এর মধ্যে ৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। অন্যজন লোহাগড়া পৌর এলাাকার পারছাতরা গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জে একটি কোম্পানিতে চাকরি করতেন। সেখান থেকে বাড়িতে আসলে ১৩ এপ্রিল করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি সুস্থ। আক্রান্তদের কোনো উপসর্গ ছিল না।

ভাগ