স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতির ভেতর আমান উল্লাহ ফকিরকে (২০) ঢাকায় তার অফিসে কাজে যোগদান করতে বলা হয়েছিল। কিন্তু তার আর যাওয়া হলো না। পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। নিহত আমান উল্লাহ ফকির সাতক্ষীরার তালা উপজেলার জেটুয়া গ্রামের আব্দুল মাজেদ ফকিরের পুত্র। তার ভাই মিঠু ফকির জানিয়েছেন, আমান উল্লাহ ফকির গত বছর এইচএসসি পাশ করে বিএ কাসে পড়াশুনা করেন। দরিদ্র পিতার সংসার সামলানো এবং নিজের পড়ালেখার খরচ চালাতে আমানউল্লাহ ঢাকায় ন্যাচারাল পোশাক কোম্পানিতে চাকরি নেন। মিঠু ফকির জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে আমান উল্লাহ দেড় মাস আগে বাড়িতে আসেন। এরপর অফিস থেকে মোবাইল ফোনে কাজে যোগদানের কথা বলেন। এ সংবাদ পেয়ে গত শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা হতে কোম্পানির পিকআপযোগে তিনি ঢাকায় যাচ্ছিলেন। পথে যশোর-মনিরামপুর সড়কের সতীঘাটা বাজারের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে খাদে পড়ে গেলে আমান উল্লাহ ও চালক মোস্তাফিজুর রহমান (৪০) গুরুতর আহত হন। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে আমান উল্লাহর মৃত্যু হয়। এ ঘটনায় আহত পিকআপ চালক মোস্তাফিজুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।





