স্টাফ রিপোর্টার ॥ বাইরে কর্মরত ৯ জন গতকাল যশোরে ফিরেছেন। তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে যশোর জেলা মনিটরিং সেল ও কন্ট্রোল রুমের এক পরিসংখ্যান থেকে জানা গেছে, ২৪ এপ্রিল বেলা ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত ৯ জন বাইরে থেকে যশোর জেলায় ফিরেছেন। এদের ভেতর যশোর সদর উপজেলার ৫ জন, মনিরামপুরে ৩ জন এবং চৌগাছা উপজেলায় ১ জন। তারা কর্মের প্রয়োজনে ঢাকা, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরায় বসবাস করতেন। মনিরামপুরে ঝাঁপা গ্রামে পরিবারসহ ৩ জন এসেছেন শ্বশুরালয়ে। স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সচেতন মহল জেলা মনিটরিং সেলও কন্ট্রোল রুমকে ফোনের মাধ্যমে বিষয়টি অবহিত করছেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারগণ তাদের হোম কোয়ারেন্টিন কিংবা লকডাউনে আবদ্ধ করছেন। আগত হোম কোয়ারেন্টিনে থাকা কয়েকজনের সাথে মোবাইল ফোনে আলাপকালে তারা জানিয়েছেন, সতর্কতার কারণে তারা নিজেরাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন। যদিও তাদের বাড়ির সামনে লাল ফাগ টাঙানো হয়েছে। এতে কোন সমস্যা নেই। তারা বাড়িতে আসতে পেরে খুশি। তারা বলেন, পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। সামনে ঈদুল ফিতর। বাড়ির পরিবেশ ছেড়ে কাজের প্রয়োজনে বাইরে হোম কোয়ারেন্টিন কিংবা লকডাউনের ভেতর থাকা অত্যন্ত কষ্টকর। সেখানে আত্মীয়-স্বজন থাকে না। সমস্যা হলে দেখার কেউ নেই। এমনকি রমজানের রোজা ও ঈদুল ফিতর উৎসব পালন করাও সমস্যা। গ্রামের বাড়ির লোকজন ফেলে স্বস্তিতে থাকা যায় না। তাই নাড়ির টানে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকা অনেক ভালো।





