বাগেরহাট প্রতিনিধি॥ বাগেরহাটে পারিবারিক ভাবে গড়ে তোলা পানা উল্লাহ ট্রাষ্টের পক্ষ থেকে সাড়ে সাত’শ কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা ও নগদ ১২ লাখ অর্থ প্রদান করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন পরিবারের খাদ্য সামগ্রী দেয়া হয়। শুক্রবার সকালে বাগেরহাট শহরে একটি বেসরকারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে এই খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, পানা উল্লাহ ট্রাষ্টের প্রতিনিধি এ্যাডভোকেট পারভীন আহম্মেদ, মো. জিয়াউল হাসান টিটু, মো. রাজিব হোসাইন, সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডল। করোনা পরিস্থিতিতে খাদ্য সহায়তা পেয়ে খুশি হয়েছেন কর্মহীন সুবিধাভোগীরা।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধে সরকারের পাশাপাশি সমন্বিত উদ্যোগে বাগেরহাটে ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান এগিয়ে আসছে। এরমধ্যে পানা উল্লাহ ট্রাষ্ট একটা বড় ভুমিকা রাখছে। আমি সকলকে ধন্যবাদ জানাই। পানা উল্লাহ ট্রাষ্টের প্রতিনিধি এ্যাডভোকেট পারভীন আহম্মেদ বলেন, প্রকৃতি অথবা মানুষ্য সৃষ্ট যে কোন মানবিক বিপর্যয়ে আমরা আছি সর্বত্র ছড়িয়ে মানুষের পাশে। এ লক্ষে পূর্ব পুরুষের নামে পানা উল্লাহ ট্রাষ্ট গঠন করা হয়। আত্মীয়স্বজন দেশ ও বিদেশে থাকার সুবাদে তাদের আর্থিক সহযোগিতায় আমরা বাগেরহাট, খুলনা, পিরোজপুর ও সাতক্ষিরায় কর্মহীন প্রতিবেশি ও অসহায় মানুষের খাদ্য সহায়তা দিচ্ছি। এ পর্যন্ত সাড়ে সাত’শ পরিবারকে খাদ্য সহায়তা ১২ লাখ নগদ অর্থ প্রদান করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না পর্যন্ত সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।





