ঢাকায় চিকিৎসা নিয়ে ফেরার পর করোনা শনাক্ত

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার বেগমপুর গ্রামের এক ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যক্তির ছেলে (একজন চিকিৎসক) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, ঢাকার কিডনি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার বাবা সর্দি ও জ্বরে আক্রান্ত হন। করোনা শনাক্তের জন্য অনেক চেষ্টার পর ১৫ এপ্রিল ঢাকার আইইডিসিআরে নমুনা দেওয়া হয়। কিছুটা সুস্থ হলে দুদিন পর (১৮ এপ্রিল) নিজ গ্রামে ফেরেন তারা। এরপর সোমবার (২০ এপ্রিল) বিকালে ঢাকার আইইডিসিআর থেকে ফোন করে তার বাবার করোনা পজিটিভ জানানো হয়। ফেসবুক বার্তায় তিনি উত্তেজিত গ্রামবাসীকে আশ্বস্ত করে বলেন, ঢাকা থেকে আসার পর তার বাবাকে তারা নিজ বাড়িতেই রেখেছিলেন। কঠিন সংকটে সবাইকে সহমর্মিতা নিয়ে পরিবারের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলি হোসেন জানান, বেগমপুর গ্রামে করোনা আক্রান্ত ব্যক্তিটি বেশ কিছুদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের সদস্যরা গত ৬ এপ্রিল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরিস্থিতির অবনতি হলে পরিবারের সদস্যরা ১৩ এপ্রিল ঢাকার কিডনি হাসপাতালে ভর্তি করান। সিভিল সার্জন এস এম মারুফ হাসান জানান, ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগের একটি বিশেষজ্ঞ টিমকে আক্রান্ত ব্যক্তির বাড়িতে পাঠানো হয়েছে। তারা সেখানে পৌঁছে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেবেন। যদি আক্রান্ত ব্যক্তি সুস্থ থাকেন, তাহলে তাকে নিজ বাড়িতেই প্রাতিষ্ঠানিক আইসোলেশন ওয়ার্ড তৈরি করে চিকিৎসা দেওয়া হবে। আর বেশি অসুস্থ হলে তাকে ঢাকায় রেফার্ড করা হবে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, আক্রান্ত ব্যক্তির বাড়িসহ গ্রামের শতাধিক বাড়ি লকডাউন করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনকে নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, চুয়াডাঙ্গায় ১৯ মার্চ ইতালি ফেরত এক যুবক প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ১৫ দিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়িতে ফেরেন।

ভাগ