স্টাফ রিপোর্টার ॥ যশোরে টুটুল হোসেন নামে সাবেক একজন ওএমএস ডিলারের বিরুদ্ধে গরীব বিধবার স্বল্পমূল্যের খাদ্য সুবিধার কার্ড হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোছা. সরুপজান নামে ওই বিধবা কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি সদর উপজেলার মধুগ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী। কোতয়ালি থানা পুলিশের এসআই ফকির ফেরদৌস জানান, অভিযুক্ত টুটুল হোসেন মধুগ্রামের বাসিন্দা। একসময় তিনি ওএমএস ডিলার ছিলেন। কিন্তু এখন তার ডিলারশিপ নেই। তিনি বলেন, সরুপজানের অভিযোগ এক বছর আগে চাল দেওয়ার কথা বলে তার কাছ থেকে স্বল্পমূল্যের খাদ্য সুবিধার কার্ড রেখে দেন টুটুল হোসেন। কিন্তু আর কার্ড ফেরত দেননি। উপরন্তু ওই কার্ড ব্যবহার করে চাল উত্তোলন করে আত্মসাত করছেন তিনি। টুটুল হোসেনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেয়ে তাকে খবর দেয়া হয়েছে। কার্ড ফেরত না দেয়া হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





