২০ লাখে বিক্রি হলো সাকিবের ‘প্রিয়’ ব্যাট
স্পোর্টস ডেস্ক॥ ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাটটি ২০ লাখ টাকা মূল্যে বিক্রি হয়েছে। বুধবার রাতে ‘অকশন ফর অ্যাকশন’ ফেইসবুক পেজের মাধ্যমে নিলামে তোলা হয় ব্যাটটি। ভিত্তি মূল্য রাখা হয়েছিল ৫ লাখ টাকা। রাত ১১টা পর্যন্ত ছিল বিডিংয়ের সময়। পরে যা ১১টা ১৫ পর্যন্ত করা হয়।
সর্বোচ্চ দর হাঁকিয়ে ব্যাটটি কিনে নেন রাজ নামের একজন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি। এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ যাবে সাকিব আল হাসান ফাউন্ডেশনে। পুরো অর্থ ব্যয় হবে করোনাকালে অসহায়দের মাঝে। একদিন আগে ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেওয়ার সময়ই সাকিব জানিয়েছিলেন ব্যাটটি তার অনেক বেশি প্রিয়। বিশ্বকাপে এই ব্যাট দিয়ে ৮ ম্যাচে ৬০৬ রান সংগ্রহ করেন। পুরো বিশ্বকাপে সাকিব এই এক ব্যাট দিয়েই খেলেছিলেন। শুধু বিশ্বকাপ নয়, সাকিব জানিয়েছিলেন এই ব্যাটটা দিয়ে শেষ এক বছরে প্রায় দেড় হাজারের (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে) ওপরে আন্তর্জাতিক রান করেছেন। তাই ব্যাটটা হাতছাড়া করতে চাননি। এদিনও নিলাম চলাকালে লাইভে যুক্ত ছিলেন সাকিব। কথাগুলো বেশ কবারই বলেছেন তিনি। সাকিব বলেন, ‘নরমালি আমি মেমোরিবলি একদমই সেভাবে রাখি। তবে এটা আমার খুবই প্রিয় ছিল।’
বাংলাদেশ-শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলে অর্থ সঙ্কটে ওয়েস্ট ইন্ডিজ!
স্পোর্টস ডেস্ক॥ অর্থ সঙ্কটে আছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। করোনা পরিস্থিতি সামলাতে যেখানে অনেক বোর্ডই হিমশিম খাচ্ছে, সেখানে ওয়েস্ট ইন্ডিজ অর্থ সঙ্কটে খাবি খাচ্ছে জানুয়ারি থেকেই। ফলে আঞ্চলিক ক্রিকেটাররা তো বটেই, ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়রাই ম্যাচ ফি পাচ্ছেন না জানুয়ারি থেকে। আর এই সঙ্কটের জন্য প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে খেলা সিরিজকে!
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভের দাবি, ২০১৮ সালে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে আতিথ্য দেওয়ার কারণেই এই সঙ্কটে পড়তে হয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডকে! সেটি কীভাবে? গ্রেভ বলেছেন, ‘আমরা যখন শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে সিরিজ করি, তাতে আমাদের তি হয়েছে ২২ মিলিয়ন মার্কিন ডলার। সেই সময় মিডিয়া স্বত্বাধিকারীরা ওই সফর বাবদ আমাদের এক মিলিয়ন ডলারেরও কম অর্থ দিয়েছিল।’ সেই জানুয়ারিতে আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ফেব্র“য়ারি-মার্চে শ্রীলঙ্কার সঙ্গে হয়েছে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। এ দুটির ম্যাচ ফি পাননি ক্রিকেটাররা। অবশ্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, নিয়মিত বেতন-ভাতা তারা ঠিকই পরিশোধ করতে পারছেন। কিন্তু অর্থ সঙ্কট থাকায় দেওয়া যাচ্ছে না ম্যাচ ফি। সঙ্কটের এই অবস্থার একটা চিত্র তুলে ধরেছেন ওয়েস্ট ইন্ডিজের পেশাদার ক্রিকেটারদের সংগঠন ডাব্লিউআইপিএর সাধারণ সম্পাদক ওয়েইন লুইস, ‘মাসিক বেতন ও ভাতা সব ঠিক মতোই দেওয়া গেছে। কিন্তু সমস্যা হচ্ছে আঞ্চলিক প্রথম শ্রেণির প্রতিযোগিতায় যারা খেলছেন, তাদের ম্যাচ ফি দেওয়া হচ্ছে না। আট রাউন্ড খেলা হয়ে যাওয়ার পরেও।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা মেয়েদের দলটিও চার ম্যাচের ফি পাননি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ অবশ্য বকেয়া দ্রুত পরিশোধ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন, ‘আর্থিকভাবে ওয়েস্ট ইন্ডিজ অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এখনও অনেক অর্থ বকেয়া আছে, আমরা গুরুত্ব বিচারে এই অর্থ পরিশোধের চেষ্টা করছি।’
করোনাকালে জন্মদিন উদযাপন করবেন না টেন্ডুলকার
স্পোর্টস ডেস্ক॥ আজ শুক্রবার ৪৭তম জন্মদিন শচীন টেন্ডুলকারের। বিশেষ দিনটি সবসময় বিশেষভাবেই পালন করেন ভারতীয় কিংবদন্তি। এ বছরের শুরুতেও হয়তো দিনটি উদযাপন করতে বড় কোনও পরিকল্পনা ছিল তার। কিন্তু করোনাভাইরাস গোটা বিশ্বকে এমনভাবে নাড়িয়ে দিয়েছে যে জন্মদিন নিয়ে অন্যভাবে ভাবতে হয়েছে টেন্ডুলকারকে। ৪৭তম জন্মদিন উদযাপন করবেন না তিনি। বিশেষ দিনটি উদযাপন না করে টেন্ডুলকার সম্মান জানাতে চান কোভিড-১৯ রোগের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করে যাওয়া সব স্বাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা রাকারী বাহিনীকে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে সাবেক এই ব্যাটসম্যানের কাছের একজন নিশ্চিত করেছেন বিষয়টি, ‘শচীন সিদ্ধান্ত নিয়েছেন এই বছর (জন্মদিন) উদযাপন করবেন না। তার কাছে মনে হয়েছে, এর মাধ্যমে শ্রদ্ধা জানানো যাবে সব চিকিৎসক, নার্স, প্যারা-মেডিকস, পুলিশ, প্রতিরা কর্মীরা- যারা সামনে থেকে কাজ করছেন।’ করোনাভাইরাসে লকডাউন ভারত। নিম্ন আয়ের মানুষেরা ঘরে থাকায় কষ্টে জীবনযাপন করছেন। তাদের জন্য গঠিত প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তহবিলে ৫০ লাখ রুপি দান করেছেন টেন্ডুলকার। আরও অনেক সেবামূলক কাজে জড়িত আছেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক। এ প্রসঙ্গে ওই সূত্রটি জানিয়েছেন, ‘এই ধরনের বিষয়ে নাম প্রকাশ করে কিছু করায় মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না তিনি।’
নিলামে উঠছে মোনেম মুন্নার জার্সি
স্পোর্টস ডেস্ক॥ করোনাভাইরাসে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। ব্যক্তিগত উদ্যোগে কিংবা একত্রে সাহায্য করছেন কষ্টে থাকা মানুষদের। তহবিল গঠনে ভিন্ন পথেও হাঁটছেন অনেকে। যার মধ্যে সাকিব আল হাসান তার ব্যাট বিক্রি করেছেন নিলামে। তেমনই উদ্যোগ নিয়েছে প্রয়াত মোনেম মুন্নার পরিবার। বাংলাদেশের ফুটবলে প্রথম ট্রফি জয়ের নায়কের জার্সি উঠছে নিলামে।
১৯৯৫ সালে মিয়ানমারে চার জাতি ফুটবলে বাংলাদেশ প্রথম ট্রফি জিতেছিল। সেই ট্রফি জয়ী দলের অধিনায়ক ছিলেন মুন্না। দীর্ঘ ২৫ বছর পর আবারও সেই জয়ের স্মৃতি সামনে তুলে এনেছেন তার স্ত্রী সুরভি মোনেম। ওই প্রতিযোগিতায় মুন্নার খেলা জার্সিটিই নিলামে উঠছে। করোনাভাইরাসে অসহায়দের পাশে দাঁড়াতে মুন্নার ‘২ নম্বর’ জার্সিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন সুরভি। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘আজ মুন্না বেঁচে থাকলে হয়তো অসহায়দের জন্য অনেক কিছু করতো। এখন সে নেই। তারপরও আমি সিদ্ধান্ত নিয়েছি তার চার জাতি ট্রফি জয়ের জার্সিটি নিলামে তুলবো। এতে করে যদি কিছু লোকের উপকার হয়।’ নিলামে জার্সিটি তোলার জন্য সবার সহযোগিতা চাইছেন সুরভি, ‘আসলে এই নিলামের ওঠানোর প্রক্রিয়াটা আমি সেভাবে জানি না। কেউ যদি এগিয়ে আসে, তাহলে ভালো হয়। আমাদের কাছে ২৫ বছর ধরে স্মৃতিবিজরিত সেই জার্সিটি আছে। এখন সেটা সবার জন্য উন্মুক্ত করতে চাই। যদি বিক্রি হয়, তাহলে অসহায়দের জন্য কিছু করা যাবে। এছাড়া তো আমি কিছু করতে পারব না।’ বুধবার রাতে নিলামে বিক্রি হয়েছে ২০১৯ বিশ্বকাপে খেলা সাকিবের ব্যাট। ৫ লাখ টাকা ভিত্তিমূল্যের ইতিহাস গড়া ব্যাটটি বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। যে অর্থ ব্যয় হবে করোনাভাইরাসে তিগ্রস্তদের সাহায্যার্থে।





