ত্রাণের চাল চুরির অভিযোগে কালিয়ার জয়নগর ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা

নড়াইল অফিস ॥ সরকারি ত্রাণ সহায়তার (জিআর) ২৮০ কেজি চাল আত্মসাতের অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী ও সচিব মহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ. দা.) সৈয়দ মো. আজিমউদ্দিন বাদী হয়ে নড়াগাতি থানায় এজাহার দায়ের করেন। এজাহার সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জয়নগর ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য ত্রাণের (জিআর) ৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ৯ এপ্রিল বরাদ্দকৃত চাল দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। পরে মাস্টার রোলের কপি জয়নগর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী ১২এপ্রিল উপজেলা নির্বাহী কার্যালয়ের ত্রাণ শাখায় দাখিল করেন। জয়নগর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী ও ইউপি সচিব মহিদুল ইসলাম যোগসাজশে প্রকৃত ভোক্তাদের কাছে চাল বিতরণ না করে ভুয়া মাস্টার রোল দাখিল করেছেন। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা বিষয়টি তদন্ত করেন। তদন্ত শেষে প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে,ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ৫০টি নামের মাস্টার রোলের মধ্যে ২৮টি নামের অনুকূলে চাল বিতরণ না করে ভুয়া মাস্টার রোল দাখিল করেছেন ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী ও ইউপি সচিব মহিদুল ইসলাম । জনপ্রতি ১০কেজি হারে ২৮টি নামের বিপরীতে ২৮০কেজি চাল বিতরণ না করে তা আত্মসাত করা হয়েছে। নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন জানান, কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়েরকৃত এজাহারটি আমলে নিয়ে থানায় জিডি এন্ট্রি করে বুধবার দুদক যশোর সমন্বিত কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে জয়নগর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ভাগ