মোংলায় একটি প্রতিষ্ঠানে শ্রমিকদের জোরপূর্বক কাজ করানোর অভিযোগ

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলা ইপিজেডের একটি প্রতিষ্ঠানে শ্রমিকদের দিয়ে জোরপূর্বক কাজ করানোর অভিযোগ উঠেছে। তাদেরকে কাজে যোগ না দিলে চাকুরিচ্যুতির হুমকি দেয়া হচ্ছে। কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে এই শ্রমিকরা সামাজিক দূরত্বও মানছেন না। গা ঘেঁষে হাঁটাহাঁটি এবং যানবাহনে ঠাসাঠাসি করে তারা অফিসে ছুটছেন। মোংলার স্থায়ী বন্দরের বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায় ইপিজেডের জীম লাইট বিডি বাংলাদেশ নামক ফ্যাক্টরি অভিমুখে দল বেঁধে ছুটছেন শ্রমিকরা। এ সময় সাংবাদিকদের ছবি তুলতে দেখে ছুটে আসেন তারা। তবে শ্রমিকরা সামাজিক দূরত্ব না মানলেও সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন ভূমিকাও দেখা যায়নি। শ্রমিকরা বলেন, আমাদের জোর করে কাজে নেয়া হচ্ছে। কাজে যোগদান না করলে চাকুরি থেকে বাদ দেয়া হবে বলে ফ্যাক্টরি কর্তৃপক্ষ হুমকি দিচ্ছে। তবে ফ্যাক্টরির ম্যানেজার নাজমুল ইসলাম শ্রমিকদের এ অভিযোগ অস্বীকার করে বলেন, এটা শ্রমিকদের মনগড়া কথা। কাউকে কাজে বাধ্য করা হচ্ছে না, যারা করছে তারা স্বেচ্ছায় করছে। এ বিষয়ে মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার (জিএম) মাহমুদ আহমেদ সিদ্দিক বলেন, শ্রমিকদের সাথে প্রতারণা করে জোরপূর্বক কাজ করালে ওই ফ্যাক্টরির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, করোনা বিধি নিষেধে ইপিজেডের ২৩টি ফ্যাক্টরি সম্পূর্ণ বন্ধ রয়েছে। নিয়ম না মেনে শুধুমাত্র জীম লাইট তাদের প্রতিষ্ঠান চালু রেখেছে। এতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। কিন্তু তারা চাকরি হারানোর ভয়ে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

ভাগ