লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ দরিদ্রদের মধ্যে চাল ও টাকা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিঘলিয়া ইউনিয়নের ৫৩৫ জন দরিদ্রের জন্য ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর মাথাপ্রতি ১০ কেজি করে চাল ও একশ করে টাকা বরাদ্দ দেয়। বুধবার সকালে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নীনা ইয়াসমিন পরিষদ চত্বরে দরিদ্রদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বরাদ্দ পাওয়া ৫ হাজার ৩৫০ কেজি চালসহ মাথাপ্রতি নগদ একশ করে টাকা বিতরণ করেন। এসময় উপজেলা সমাজসেবা অফিসার মো. শামীম রেজা, সংসদ সদস্যের প্রতিনিধি মো. আরমান সরদার, ইউপি মেম্বার কাজী ফরিদুজ্জামান, মো. আলম, মুন্সী খায়রুজ্জামান আলম, মো. মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান নীনা ইয়াসমিন বলেন, এই দুঃসময়ে সরকার দরিদ্রদের চালসহ নগদ টাকা দেয়ায় তারা অনেক উপকৃত হচ্ছেন।




