সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণ করতে হবে: দুলু

লোকসমাজ ডেস্ক॥ বিনা ভোটের অনির্বাচিত জনপ্রতিনিধি নয়, দেশের গর্ব সেনাবাহিনীর মাধ্যমে অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করতে হবে। বলেছেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণ না করলে সরকারের ত্রাণ অসহায় দুঃস্থদের ঘরে না গিয়ে পৌঁছবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরে।’ বুধবার (২২ এপ্রিল) সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নাটোর-২ আসনের ৫ হাজার অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ ও নাটোরের কয়েকজন সাংবাদিককে পিপিই প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
পরে সদর ও নলডাঙ্গা আসনের ১২টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের হাতে ৫ হাজার অসহায় দুঃস্থদের জন্য ত্রাণ হিসেবে চাল ডাল তেল লবন ও সবজি তুলে দেওয় হয়। নেতাকর্মীরা আজ থেকেই প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে অসহায় দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেবেন বলে জানানো হয়। নাটোর জেলা বিএনপির আহবায়ক আমিনুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক চেয়ারম্যান খবির উদ্দিন শাহ ও আবুল কালাম আজাদ, সদর থানা আহবায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, বিএনপি নেতা নজরুল ইসলাম, আতিকুর রহমান ও জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম।

ভাগ