ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ত্রাণ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত ত্রাণ কমিটি গঠনপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. সেলিম রেজা। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, উপজেলা যুবলীগ নেতা খাইরুল হুদা রাসেল, মহসিন রেজা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হিরা মনি আক্তার, লিপিয়া খাতুন, রওফুন্নেছো প্রমুখ। সভাশেষে সকলের মতামতের ভিত্তিতে প্রতিটি ওয়ার্ডে ১১ সদস্য বিশিষ্ট ত্রাণ কমিটি গঠন করা হয়। কমিটিতে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, একজন মুক্তিযোদ্ধা, একজন শিক্ষক, একজন ইমাম, একজন পুরোহিত (যদি থাকে) এবং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিদের রাখা হয়েছে । চলমান করোনাভাইরাস মোকাবেলায় সরকারি ত্রাণ সঠিকভাবে বিতরণের স্বার্থে প্রতিটি ওয়ার্ডে এই কমিটি গঠন করা হচ্ছে বলে জানান উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা।





