যবিপ্রবি’র ল্যাবে চতুর্থ দিনে ৩১টি নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ

স্টাফ রিপোর্টার ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর ল্যাবে চতুর্থ দিনের ৯৮ টি নমুনার মধ্যে আংশিক পরীক্ষার রিপোর্টে সবগুলোই নেগেটিভ এসেছে। এর মধ্যে যশোরের ৩৩ টি নমুনার মধ্যে ৩১ টি নমুনাই নেগেটিভ এসেছে বলে যশোরের সিভিল সার্জন নিশ্চিত করেছেন। এছাড়াও বাকি ৬ টি জেলার যে সব করোনা সন্দেহ রোগীর নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে তার সবগুলোও নেগেটিভ।
জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, মঙ্গলবার সন্ধ্যায় চতুর্থদিনে যশোরের ৩৩ টি নমুনা সরবরাহ করা হয়। এরমধ্যে ৩১ টি নমুনার রিপোর্ট এসেছে। এর সবগুলো নেগেটিভ হয়েছে। তিনি বলেন, পঞ্চমদিন মঙ্গলবার যশোর জেলা সিভিল সার্জন অফিস থেকে আরও ২০টি নমুনা সংগ্রহ করে যবিপ্রবি ল্যাবে জমা দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবির জাহিদ বলেন, সোমবার যশোরসহ ৭ টি জেলার যে সব নমুনা দেয়া হয়েছে তার অধিকাংশের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরমধ্যে কোনো পজেটিভ রিপোর্ট আসেনি। তিনি বলেন, জেলাসমূহ থেকে নমুনাগুলো বিচ্ছিন্ন সময়ে আসায় পরীক্ষার রিপোর্ট দিতে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, মঙ্গলবার যশোরসহ ৬ টি জেলা থেকে আরও ৬৯ টি নমুনা পরীক্ষার জন্য জমা দেয়া হয়েছে। এরমধ্যে যশোর জেলার ২০, কুষ্টিয়ার ১২, মেহেরপুরের ১৩, ঝিনাইদহের ৬, মাগুরার ১০ ও নড়াইল জেলার ৮টি। এসব নমুনা পরীক্ষা শেষে বুধবার সকালে রিপোর্ট দেয়া হবে বলে তিনি জানান।

ভাগ