এক সপ্তাহে শৈলকুপায় ৮৪ বাড়ি লকডাউন

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ মহামারী আকারে ছড়িয়ে পড়ায় ঝিনাইদহের শৈলকুপায় ৮৪টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। গত এক সপ্তাহে (রবিবার পর্যন্ত) এ বাড়িগুলো লকডাউন করা হয়েছে। পাশাপাশি সামাজিক দূরত্ব মানতে জনগণকে বাধ্য করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বেড়েছে। পুলিশ বলছে, যারা ঢাকা, নারায়ণগঞ্জ বা করোনা আক্রান্ত বিভাগীয় শহর বা জেলা থেকে পালিয়ে শৈলকুপায় ঢুকছে সেসব বাড়ি নিরাপত্তার স্বার্থে লকডাউন করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে সর্বশেষ তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত শৈলকুপা উপজেলার বিভিন্ন ইউনিয়নে লকডাউন করা বাড়িগুলো হলো– সারুটিয়া ইউনিয়নে ৪টি, মনোহরপুরে ৫টি, বগুড়ায় ৮টি, আবাইপুরে ১০টি, নিত্যানন্দপুরে ১১টি, উমেদপুরে ৫টি, ত্রিবেণীতে ৪টি, মির্জাপুরে ৮টি, দিগনগরে ৫টি, কাঁচেরকোলে ৩টি, দুধসরে ৬টি এবং ফুলহরিতে ১৫টি বাড়ি লকডাউনের আওতায় আনা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদ আল মামুন জানান, এখন পর্যন্ত শৈলকুপায় করোনা রোগী শনাক্ত হয়নি এটা সুখবর। তবে করোনা আক্রান্ত জেলা বা বিভাগীয় শহর থেকে শৈলকুপায় প্রবেশ করলেই হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে বাড়ি লকডাউন করা হচ্ছে। এছাড়া, করোনা সন্দেহে ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে দুজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি রিপোর্টগুলো এখনও হাতে পাওয়া যায়নি। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, লকডাউন করা এলাকার বাড়িতে কাউকে প্রবেশ কিংবা বাইরে যেতে দেওয়া হচ্ছে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউনের আওতায়ই থাকতে হবে বাড়ির সদস্যদের। এছাড়া, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শৈলকুপা থানা পুলিশ।

ভাগ