একশ’ টাকা চুরির অপবাদে শিশুকে নির্যাতন

মাগুরা সংবাদদাতা॥ মাগুরা সদর উপজেলায় একশ’ টাকা চুরির অপবাদে সিয়াম নামে ৮ বছরের এক শিশুকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। উপজেলার বিল আকছি গ্রামের রকিবুল সরদারের বিরুদ্ধে এই অভিযোগ। এ ঘটনায় রবিবার (১৯ এপ্রিল) রাতে রকিবুলকে (৩০) আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার সিয়াম একই গ্রামের দিনমজুর ইউসুফ শিকদারের ছেলে। ইউসুফ শিকদার জানান, রবিবার তার মাদ্রাসাপড়ুয়া ছেলে সিয়াম প্রতিবেশী রফি উদ্দিন সরদারের বাড়ির সামনে আমের গুটি কুড়াতে যায়। এ সময় রফি উদ্দিনের ছেলে রকিবুল একশ’ টাকা চুরির অপবাদ দিয়ে সিয়ামকে ধরে নিয়ে যায়। এরপর ঘরে আটকে রেখে লোহার পাইপ দিয়ে তাকে পেটাতে থাকে। সিয়ামের চিৎকারে সেখানে তারা ছুটে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের চেযারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘শিশুটির বাবা আমাকে ঘটনার পরপরই বিষয়টি জানায়। পরে আমি গিয়ে দেখি শিশুটিকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। বিষযটি আমি সদর থানাকে জানিয়েছি।’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, ইউপি চেয়ারম্যান ও নির্যাতিত শিশুটির পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন তিনি। পরে রাত ১১টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত রকিবুলকে আটক করা হয়। এ বিষয়ে মামলাসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভাগ