স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার কলেজছাত্র সোহানুর রহমান সোহাগ দুই যুবতীর সাথে অনৈতিক সম্পর্কের কারণে খুন হয়েছে। এই দুই যুবতীর একজন মামলার প্রধান আসামি রাকিবের সাবেক স্ত্রী এবং অপরজন ভাগ্নি। ডিবি পুলিশের তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে। ফলে তদন্ত শেষে ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার চার্জশিট দেয়া হয়েছে। চার্জশিটে অভিযুক্তরা হচ্ছে, বারান্দী মোল্লাপাড়া আমতলার মাইছো সিদ্দিকের ছেলে রাকিব, মৃত খায়রুলের ছেলে রায়হান, ভাঙ্গারী কাদেরের ছেলে কুরবান, মৃত আইয়ুব হোসেনের ছেলে শরীফ, নগেনের ছেলে কালিপদ এবং শেখহাটি এলাকার দাউদ আলী।
উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর রাতে মোল্লাপাড়া আমতলার পরিবহন শ্রমিক হাবিবুর রহমানের ছেলে হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজের ছাত্র সোহানুর রহমান সোহাগকে আসামি রায়হান মোবাইল ফোন করে ডেকে নিয়ে যায়। পরদিন ২১ অক্টোবর সকালে মোল্লাপাড়া মালোপাড়ায় ভৈরব নদ সংলগ্ন ঘাসক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মিলন হোসেন ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। মামলাটি প্রথমে কোতয়ালি পুলিশ এবং পরে ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব পান। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম পিপিএম জানান, প্রধান আসামি রাকিবের সাবেক স্ত্রী ও ভাগ্নির সাথে অনৈতিক সম্পর্ক থাকার কারণে পরিকল্পিতভাবে সোহাগকে খুন করা হয়েছে। মামলার তদন্তে এ তথ্য পাওয়া গেছে। ফলে তদন্ত শেষে এজাহারে উল্লিখিত ৪ আসামি ছাড়াও ঘটনার সাথে জড়িত আরো দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছেন।





