বেনাপোল ফেনসিডিলসহ বরিশালের কলেজ শিক্ষক আটক

শার্শা (যশোর) সংবাদদাতা॥ যশোরের বেনাপোল সীমান্ত অঞ্চলের প্রতিটি মোড়ে মোড়ে বিজিবির কঠোর নিরাপত্তা থাকা সত্বেও ভারতীয় ফেনসিডিলের একটি চালান নিয়ে আটক হলো বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক নজরুল ইসলাম সুমন (৪৪)। আটকের সময় ৮২ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা । ২০ এপ্রিল সোমবার বেলা ১২টার সময় বেনাপোল পোর্ট থানার শিকড়ী বটতলা থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা। আটক নজরুল বরিশালের সদর উপজেলার মকবুল আহমেদের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা এলাকা থেকে মোটরসাইকেলসহ সুমনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি পুটখালী সীমান্ত থেকে ফেনসিডিলের এ চালানটি নিয়ে বরিশালে যাচ্ছিলেন। আটক নজরুল ইসলাম সুমন জানান, তারা ৬ জন বরিশাল থেকে মোটরসাইকেলে করে বেনাপোলে এসে ফেনসিডিল নিয়ে বরিশাল যাচ্ছিলো। তার ৫ সহযোগীরা এসময় ফেনসিডিল নিয়ে পালিয়ে গেলেও তিনি আটক হন।
যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ সেলিম রেজা জানান, একটি ফেনসিডিল পাচার চক্র বরিশাল থেকে বেনাপোলে এসে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। আটক ও তার সহযোগীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে, এলাকাবাসী দাবি করেন, করোনার মধ্যে এভাবে ভারত থেকে ফেনসিডিল আসতে থাকলে সীমান্তে করোনা ঝুঁকি বেড়ে যাওয়ার আশংকা আছে। কারণ ভারত করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে। তারা বিজিবিকে আরও সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

ভাগ