স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার মশ্মিমনগরে নবনির্মিত ব্রিজের খাদে পড়ে সদর উপজেলার আরবপুর ইউনিয়ন যুবদল নেতা বিএম তরিকুল ইসলাম তুহিন (৪৫) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী মেহেরুন্নেছা (৪০)। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। তরিকুল ইসলাম তুহিন সদর উপজেলার মন্ডলগাতী গ্রামের রফিকুল ইসলামের পুত্র এবং আরবপুর ইউনিয়ন যুবদলের সাবেক নেতা। নিহতের বড় ভাই বিএম শফিকুল ইসলাম জানিয়েছেন, বিএম তরিকুল ইসলাম তার স্ত্রী মেহেরুন্নেছাকে নিয়ে মোটরসাইকেলযোগে সাতক্ষীরায় কবিরাজ বাড়ি যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে মনিরামপুরের মশ্মিমনগরে একটি ব্রিজ পড়ে। ওই ব্রিজটি নতুন নির্মাণ করা হলেও সংশ্লিষ্ট ঠিকাদার পাশে মাটি ভরাট করে খাদ রেখে দেন। তরিকুল ইসলাম মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে ওই খাদে পড়ে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হলে তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকাকালে বিএম তরিকুল ইসলামের অবস্থার অবনতি ঘটে। তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। অ্যাম্বুলেন্সযোগে সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়। গতকাল তাকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।





