বিএম আসাদ ॥ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ সন্দেহে গত শনিবার যশোর থেকে সংগ্রহ করা ২৭টি নমুনার কোনটিতে করোনা ভাইরাস নেই। সিভিল সার্জন অফিস থেকে নমুনাগুলো পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে পরীক্ষা শেষে রাতে রিপোর্ট আসে কোনটিতেই করোনার সংক্রমণ নেই। সব ক’টি রিপোর্টই করোনামুক্ত বলে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন। এর আগে ১৭ এপ্রিল ১৩টি নমুনা ল্যাবে পাঠানো হলে সেগুলোও করোনামুক্ত ছিল বলে জানানো হয়েছে। যশোর থেকে এ যাবত ২শ’ ৪৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত পরীক্ষার রিপোর্ট এসেছে ১শ’ ৬০টি। এর ভেতর একটি বাদে সবাই করোনামুক্ত বলে প্রমাণিত হয়েছে।
অপরদিকে, হাসপতাাল কোয়ারেন্টিনে নেয়া হয়েছে ৭শ’ ৫৩ জন। যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় গত ১০ মার্চ থেকে গতকাল পর্যন্ত ৩ হাজার ৮শ’ ৭০ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। তাদের ভেতর ২ হাজার ৮শ’ ৩৩ জনকে করোনামুক্ত ছাড়পত্র দেয়া হয়েছে। হাসপাতাল কোয়ারেন্টিনে রোগীর সংখ্যা ছিল ৭শ’ ৫৩ জন। কোয়ারেন্টিনে থাকা এ সকল রোগীদের কাছ থেকে করোনা কোভিড-১৯ সংক্রমণ সন্দেহে পরীক্ষার জন্য ২শ’ ৪৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ১শ’ ৬০টি নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছেন সিভিল সার্জন। সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছেন, গতকাল একদিন ২৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছে। কাল সন্ধ্যা পর্যন্ত রিপোর্ট হাতে পাননি সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। এর আগে গত ১৭ এপ্রিল হতে যবিপ্রবি’র ওই গবেষণাগার (ল্যাবে) যশোরের ১৩টি নমুনা নিয়ে পরীক্ষা কার্যক্রম শুরু হয়। গত ৩ দিনে এ ল্যাবে পরীক্ষার জন্য ৬৪টি নমুনা পাঠানো হয়েছে। এর ভেতর ৪০টি পরীক্ষার রিপোর্ট করোনামুক্ত বলে রিপোর্টে জানানো হয়েছে।





