বেনাপোলে শিশুর মৃত্যু, করেনা সন্দেহে মা-বোনের নমুনা সংগ্রহ

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোলে অসুস্থ হয়ে শিশু রুপার মৃত্যুতে করোনা সন্দেহে তার অসুস্থ মা ও বোনের নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্যকর্মীরা। শনিবার রাতে ওই শিশুটিকে অনেকটা গোপনে তার পরিবার যশোরের মনিরামপুরে দাফন করে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২ টায় যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা শিশুটির বাড়িতে গিয়ে তার মা ও বোনের নমুনা সংগ্রহ করেন। এ ঘটনার পর থেকে বেনাপোল এলাকায় করোনা আতংক ছড়িয়ে পড়েছে। বেনাপোল পৌরসভার কাউন্সিলর আব্দুল জব্বার জানান, বেনাপোল বন্দর এলাকার বড়আঁচড়া মাঠপাড়ার তারক নাথের মেয়ে রুপা ডায়রিয়াসহ জ্বরে আক্রান্ত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। শনিবার গভীর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে যশোর নেয়ার পথে সে মারা যায়। পরে তার পরিবার তাকে বেনাপোলে না এনে যশোরের মনিরামপুরে নিয়ে দাফন করে। এদিকে মৃত্যুবরণকারী রুপার মা ও বোন একই সমস্যায় অসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন। বিষয়টি জানাজানি হলে স্বাস্থ্যকর্মীরা ওই বাড়িতে থাকা সবাইকে ১৪ দিনের হোম কোয়ারিন্টিনে রাখতে লাল পতাকা টাঙিয়ে দেন। এসময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তারা কিশোরীর মা ও বোন করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে পরীার জন্য তাদের নমুনা সংগ্রহ করেন। বর্তমানে এলাকাবাসীর মাঝে বিরাজ করছে করোনা আতঙ্ক। এ ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ওই শিশুটির অসুস্থ মা ও বোন করোনায় আক্রান্ত কিনা নিশ্চিত হওয়ার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে বাড়ির সবাইকে হোম কোয়ারিন্টিনে রাখা হয়েছে। এ ব্যাপারে জানতে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলীকে ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ভাগ