কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশ সদস্যকে মারধর করা মামলায় তিনজনকে আটক করা হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত শাহনেওয়াজের ছেলে শাওন হোসেন (২৩), নয়ন হোসেন (২৬) ও মৃত ভিকুর ছেলে মুন্না হোসেন (২৮)। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় পাঁচজনের নামে মামলা হয়। রবিবার দুপুরে তাদের আটক করা হয়েছে। গত ১৫ এপ্রিল উপজেলার নলডাঙ্গা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনা নিয়ে নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের শরিফুল ইসলামকে মারধর করা হয়। এ ঘটনায় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল আলীম পাঁচজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।





