কালীগঞ্জে চেয়ারম্যানের ত্রাণ চুরির অভিযোগ নিয়ে ফেসবুকে পোস্ট যুবক আটক

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুই চেয়ারম্যানকে ত্রাণ চুরির অপরাধে গ্রেফতার করা হয়েছে- সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ এ কথা পোস্ট করায় ইকলাস হোসেন সোহান (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় উপজেলার রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু কালীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন। শনিবার রাতে তাকে আটক করা হয়েছে। আটক ইকলাস হোসেন সোহান উপজেলার খোশালপুর গ্রামের আজগর আলীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে, গত ৪/৫ দিন আগে ইকলাস হোসেন সোহান তার ফেসবুক আইডি ‘আমি তোমার গল্প হবো’ হতে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে লেখা আছে, রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু এবং বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ত্রাণ চুরির অপরাধে গ্রেফতার হয়েছেন। (সূত্র : কালীগঞ্জ নিউজ) কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। ইকলাস হোসেন সোহান নামে এক যুবককে আটক করা হয়েছে।

ভাগ