বাগেরহাট অফিস ॥ বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি অবস্থায় মারা যাওয়া বৃদ্ধ শেখ নুরুল ইসলাম (৬৫) করোনা আক্রন্ত ছিলেন না। রবিবার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির আইইডিসিআর এর রিপোর্ট পেয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৃদ্ধ শেখ নুরুল ইসলাম। ওই দিন দুপুরেই তিনি শ্বাসকষ্ট ও লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। শ্বাসকষ্ট থাকায় তাকে চিকিৎসকরা আইসোলেশনে ভর্তি করেন। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, শ্বাসকষ্ট থাকায় বৃদ্ধ শেখ নুরুল ইসলামকে আমরা আইসোলেশনে পাঠাই। করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিতের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাই। তার শরীরে করোনা ভাইরাসের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। তিনি করোনা আক্রন্ত ছিলেন না।





