কলারোয়া (সাতীরা) সংবাদদাতা ॥ কলারোয়ার চন্দনপুরে স্থানান্তরিত গয়ড়া কাঁচা বাজার ফের আগের স্থানে বহাল করা হয়েছে। একদিনের ব্যবধানে রবিবার রাতারাতি পরিবর্তন হলো উপজেলার অন্যতম বৃহৎ গয়ড়া বাজারের কাঁচা বাজারটি।এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে কাঁচা বাজার চন্দনপুর কলেজ মাঠে স্থানান্তর করা হয়। পরে জানতে পারলাম, আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে, এমন আশঙ্কায় ব্যবসায়ীরা কখন স্থান বদল করে চলে গেছে সেই বিষয়টি আমার জানা নেই। তবে তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রচারণা অব্যাহত আছে। যদিও বাজার আগের স্থানে চলে যাওয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। উল্লেখ্য, প্রশাসনের নির্দেশনায় গত ১৭ এপ্রিল গয়ড়া বাজারের কাঁচা বাজার চন্দনপুর ইউনাইটেড কলেজ মাঠে স্থানান্তর করা হয়। হঠাৎ করে রবিবার আবারও সেই গয়ড়া বাজারের মধ্যে নির্দিষ্ট চান্নির সংকীর্ণ স্থানে চলে গেছে কাঁচা বাজারটি। সংকীর্ণ পরিসরের এই বাজারে গায়ে গা ঘেঁষে অবস্থান করে মানুষের বাজার করতে হচ্ছে। সরেজমিনে রবিবার দেখা যায়, অনেক ক্রেতা পাশাপাশি অবস্থান করে কেনাকাটা করছেন। ফলে মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।




