বিএনপির ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার (১৮ এপ্রিল) ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় খাবার বিতরণ, হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করেছে দলটির নেতাকর্মীরা। দলটির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়। বিএনপির দফতর থেকে জানানো হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার ঢাকা মহানগর দক্ষিণের প্রায় ২৪টি থানার গরীব ও ছিন্নমূল মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও বিভিন্ন সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়। ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল এবং সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সমন্বয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মার্কস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কুমিল্লার সেন্ট্রাল মেডিক্যাল কলেজ, ইস্টার্ন মেডিক্যাল কলেজ এবং ময়নামতি মেডিক্যাল কলেজে স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতদের মধ্যে পিপিই বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল সদর-৫ সূবর্ণতলী ও জামালপুর জেলা, রাজশাহীর বাগমারা, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) উপজেলায়, লক্ষীপুর দোয়ারা সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে।

ভাগ