রোনালদোকে বার্সায় দেখতে চেয়েছিলেন ফার্গুসন!

0

লোকসমাজ ডেস্ক॥ ভবিষ্যতের কোনও এক ইতিহাসবিদ হয়তো রিয়াল মাদ্রিদের ইতিহাসটা এভাবেও লিখতে পারেন: ক্রিস্টিয়ানো রোনালদো আসার আগে ও পরের রিয়াল মাদ্রিদ। আর সাধারণভাবে লেখা রিয়াল মাদ্রিদের ইতিহাসে রোনালদোকে নিয়ে বড়সড় একটা অধ্যায় তো থাকবেই। সেই সময়কার রেকর্ড ৯ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে পর্তুগিজ তারকার ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়াটা দুই ক্লাবের কাছেই নতুন মাইলফলক। রিয়াল মাদ্রিদের কাছে সেটি সান্তিয়াগো বার্নাব্যুতে এমন এক খেলোয়াড়ের শুরু, উত্তরকালে যিনি ক্লাবের সর্বকালের সেরা গোলদাতা হয়েছেন। আর ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে রোনালদোর বিদায়টা এমন এক খেলোয়াড়ের বিদায়, অনেকের চোখেই যিনি ওল্ড ট্রাফোর্ডে ২৬ বছরের ক্যারিয়ারে স্যার অ্যালেক্স ফার্গুসনের ফলানো সেরা ফসল। রোনালদোর এই দলবদল কাহিনীটা বহু বছরের চর্চিত বিষয়। সবাই এও জানেন যে, রিয়াল মাদ্রিদের প্রতি ফার্গুসনের একধরনের ঘৃণা ছিল। কারণ স্প্যানিশ ক্লাবটি সবসময়ই ‘টাকার গরম’ দেখিয়ে রোনালদোকে কিনতে চেয়েছে। নানা সময়ে রিয়াল মাদ্রিদের প্রতি নিজের বিতৃষ্ণা প্রকাশও করেছেন ম্যানইউ কোচ। এবার জানা গেল, মাদ্রিদ যাতে রোনালদোকে না পায় সেজন্য তাকে মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছেও বিক্রি করতে চেয়েছিলেন তিনি।
সম্প্রতি স্প্যানিশ পত্রিকা এএস জানিয়েছে, রিয়াল মাদ্রিদ যখন ম্যানইউয়ের ‘বাইআউট’ শর্তের ৭.৫ কোটি ইউরো দিতে রাজি হয়, ফর্গুসন সরাসরি পর্তুগালে চলে যান রোনালদোর মাদ্রিদে যাওয়া ঠেকাতে। বার্সেলোনার সঙ্গে যোগাযোগ করে রোনালদোর ব্যাপারে তাদের বিড করতে উৎসাহিতও করেন। শেষ পর্যন্ত রোনালদো রিয়াল মাদ্রিদেই গেছেন। ফার্গুসন জানতেন রোনালদো মাদ্রিদেই যেতে চান এবং দলবদলে তার ইচ্ছেরই প্রভাব পড়েছে বেশি। রোনালদোর ওই ফি চারবছর ধরে দলবদলের রেকর্ড ছিল, যা টটেনহাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে এসেই ভেঙেছেন গ্যারেথ বেল। অনেক খেলোয়াড়ই রেকর্ড ট্রান্সফার ফির সমান্তরালে তাদের ক্যারিয়ার এগিয়ে নিতে পারেন না। কিন্তু রোনালদো এখানেই অনন্য। তিনি রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার ৯ বছরের ক্যারিয়ারে। ৪৩৮ ম্যাচে ৪৫১ গোল করে ক্লাবটির ইতিহাসের সেরা গোলদাতা হয়েছেন। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতাও তিনি। ২০১৮ সালে জুভেন্টাসে না গেলে রোনালদো রিয়াল মাদ্রিদে আর কত কীর্তি যে গড়তেন কে বলতে পারে। রোনালদোকে হয়তো রিয়াল মাদ্রিদে দেখতে চাননি ফার্গুসন, তবে তার অর্জন স্কটিশ কোচকে গর্বিত করে সবসময়ই। দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্কটি এখনও অটুট। রোনালদো ফার্গুসনকেই তার ফুটবলের পিতা হিসেবে সম্মান দেন। আর ফার্গুসনের চোখে কোচিং জীবনে যে চারজন বিশ্বমানের ফুটবলার তিনি তৈরি করেছেন, তাদের অন্যতম রোনালদো। অন্য তিনজন রায়ান গিগস, পল স্কোলস ও এরিক ক্যান্টোনা।