সাতক্ষীরা প্রতিনিধি॥ সাতক্ষীরা জেলায় নভেল করোনাভাইরাস সংক্রমণরোধে সামাজিক দূরত্ব বজায় না রেখে অহেতুক ঘোরাঘুরি ও সরকারি আদেশ অমান্য করায় ২৫ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ২৫টি মামলায় ২৫ জনের কাছ থেকে ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, তালা উপজেলায় ২টি মামলায় ১ হাজার টাকা, শ্যামনগর উপজেলায় ৬টি মামলায় ৪ হাজার ৯০০ টাকা, দেবহাটা উপজেলায় ৫টি মামলায় ২ হাজার ২০০ টাকা, আশাশুনিতে ৩টি মামলায় ১ হাজার ১০০ টাকা এবং জেলা প্রশাসনের ৯টি মামলায় ৬ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলায় এখন পর্যন্ত ১৯৪৮টি মামলায় ২০ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন,সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সেনাসহ আইনশৃংখলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। জেলায় ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রতিদিন জেলা শহর এবং উপজেলায় অভিযান চালাচ্ছে।





