মেহেরপুরে চায়ের দোকান থেকে প্রচুর কেটলি জব্দ

মেহেরপুর সংবাদদাতা॥ মেহেরপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চায়ের দোকানগুলোতে নজর দিয়েছে প্রশাসন। সরকারি নির্দেশ উপেক্ষা করে দোকান চালানোয় জব্দ করা হয়েছে অনেক চায়ের কেটলি। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব রক্ষায় সরকারি নির্দেশ মেনে চলতে বাধ্য করার চেষ্টা করে যাচ্ছে মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী।
মেহেরপুর শহরে ও গ্রাম-গঞ্জে জনসচেতনতা সৃষ্টির জন্যে মাইকিং করা হচ্ছে। ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেয়া হচ্ছে। এমনকি প্রশাসনের পক্ষ থেকে টহলও বাড়ানো হয়েছে। তারপরও একশ্রেণির মানুষ বাড়তি আয়ের জন্য প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দোকান-পাট খুলছে। বিশেষ করে শহর ও গ্রামের চায়ের দোকানগুলোকে সরকারি নির্দেশ অমান্য করে সকাল-সন্ধ্যা দোকান খুলতে দেখা যাচ্ছে। আর এসব দোকানে চা খেতে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ। এতে মোটেই সামাজিক দূরত্ব বজায় থাকছে না। বাধ্য হয়ে প্রশাসনের পক্ষ থেকে চায়ের দোকানগুলো থেকে কেটলি জব্দ করা হচ্ছে। এমনকি কোথাও কোথাও চায়ের দোকান ঘিরে ক্যারাম বোর্ড ও টেলিভিশন রাখা হয়েছে। প্রশাসন এখন আড্ডার সব সরঞ্জামই জব্দ করছে, জরিমানাও আদায় করছে । সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এরপরও অনেকে অতিগোপনে চায়ের দোকান খুলছে। মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের আম বাগানেও রাতে চায়ের দোকান বসিয়ে ব্যবসা করছে অতিলোভী মানুষ। তারা করোনা ভয়াবহতাকে যেন আমলেই নিচ্ছে না।

ভাগ