স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামে জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসেল হত্যা মামলার আসামি সাগরকে আটকের কথা স্বীকার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইন তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এদিকে আটক আরো ৩ জনকে শনিবার আদালতে সোপর্দ করে ৫দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (অপারেশনস) আহসান উল্লাহ চৌধুরী।
পুলিশ জানায়, রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাগরকে গত শুক্রবার রাতে বালিয়া ভেকুটিয়া গ্রাম থেকে তারা আটক করে। সাগর ওই গ্রামের শানু ফকিরের ছেলে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাতে রাসেল বালিয়া ভেটুটিয়া শ্মশানপাড়ায় হত্যাকা-ের পর ওই রাতেই পুলিশ সাগরকে আটক করে বলে গুঞ্জন ছিলো। এ সংক্রান্ত একটি সংবাদ গত ১৭ এপ্রিল দৈনিক লোকসমাজে প্রকাশিত হয়। যদিও পুলিশ সেদিন তাকে আটকের কথা অস্বীকার করেছিলো। এর আগে গত শুক্রবার সকালে এজাহারভুক্ত ৩ আসামি ওমর আলী, ইমদাদুল হক এমে এবং রেজাউল ইসলামকে আটক করে পুলিশ। শনিবার ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে বিচারক তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।





