লোকসমাজ ডেস্ক॥ করোনা পরিস্থিতিতে দেশের মধ্যম আয়ের মানুষদের খাদ্য সংস্থানের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গা। শনিবার বিকালে জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দলের পক্ষ থেকে দেয়া সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মশিউর রহমান রাঙ্গ বলেন, আমি শুধু এইটুকু ওনাকে অনুরোধ করতে চাই, গ্রামে-গঞ্জের মধ্যম আয়ের অনেক মানুষ রয়েছে। যে মানুষগুলো একটা বাসের কন্ট্রাক্টর, একটা বাসের মালিক বা দুটি গাড়ি বা যারা রিকশাচালক, সিএনজিচালক, যারা ঠেলাগাড়ি চালায়, তাদের কাজ বন্ধ হয়ে গেছে। হতদরিদ্ররা কিন্তু কিছুটা হলেও পাচ্ছে। মধ্যম আয়ের যারা বিভিন্ন কর্মসূচির মধ্যে আছে, তারাও কিন্তু ভাতা পাচ্ছেন। কিন্তু মাঝখানে সমস্যার মধ্যে মধ্যম আয়ের কিছু রাজনৈতিক কর্মীও আমরা দেখি সব দলের সেটা বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন। সবাই কিন্তু একটা হাহাকার অবস্থায় আছে। তারা বলছে, আমরা কী খাব? আমার এলাকা থেকে অনেক ছেলেপেলে আমার কাছে আসে যে আমরা কীভাবে চলবো। তাই মাননীয় প্রধানমন্ত্রী যদি মধ্যম আয়ের মানুষগুলোকে বাঁচাতে যদি একটা পরিকল্পনা দিতেন। সেভাবে ব্যবস্থা গ্রহণ করতেন গ্রামে-গঞ্জে, তাহলে ভালো হতো। সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করে বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন, করোনার প্রাদুর্ভাবে যে কর্মসূচি নেয়ার দরকার ছিল তা নেয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী যখন যেটা বলেছেন, দেশের মানুষ কিন্তু তা পালন করছেন। কোনো বিরূপ প্রতিক্রিয়া কোথাও আমি দেখিনি। জাতীয় পার্টির মহাসচিব বলেন, আমি মনে করি উনি (প্রধানমন্ত্রী) সুচিন্তিত পরিকল্পনা নিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দেশের অনেক মানুষ বেঁচে গেছে। ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা বিভিন্ন ধরনের ভাতার যে কর্মসূচি আছে, এই কর্মসূচিগুলো না থাকলে আজকে দেশের মানুষ না খেয়ে মারা যেত। সকল উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।





