লোকসমাজ ডেস্ক॥ নেইমারের ফেরার গুঞ্জন অনেক দিনের, এর সঙ্গে বার্সেলোনার দলবদলের আলোচনায় যোগ দিয়েছেন লাউতারো মার্তিনেজ। একজনকে বাছতে বললে কাকে দলে নেবেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন? মাস তিনেক আগে কাতালান ক্লাবে যোগ দেওয়া এই কোচ চান দুজনকেই!
বার্সেলোনা থেকেই প্যারিস সেন্ত জার্মেইয়ে গিয়েছেন নেইমার। ন্যু ক্যাম্পে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে চমৎকার সময় কাটালেও নতুন চ্যালেঞ্জের খোঁজে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড গড়ে প্যারিসে পাড়ি জমান তিনি। ফ্রান্সে যাওয়ার পর থেকেই তার বার্সেলোনায় ফেরার গুঞ্জন চলছে। গত গ্রীষ্মের দলবদলে সেটি আর গুঞ্জন থাকেনি, নেইমার যেমন স্পষ্ট বলে দিয়েছিলেন তিনি বার্সেলোনার ফিরতে চান, তেমনি বার্সেলোনাও মাঠে নামে তাকে ফেরানোর।
যদিও সফল হয়নি। পিএসজির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারায় ভেস্তে যায় আলোচনা। তবে হাল ছেড়ে দেয়নি কাতালানরা। এবারের গ্রীষ্মে আবারও নেইমারকে ফেরানোর মিশনে নামতে যাচ্ছে তারা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে যোগ করার সঙ্গে ইন্টার মিলানের লাউতারোর দিকেও নজর রেখেছে বার্সেলোনা। সুয়ারেজের উত্তরসূরি হিসেবে আর্জেন্টাইন স্ট্রাইকারকেই ‘এক নম্বর’ পছন্দ তাদের। তবে এই দুই তারকার একজনকে যদি বাছতে বলা হয়, তাহলে? স্প্যানিশ রেডিও এল লারগুয়েরোর এমন প্রশ্নে সেতিয়েন বললেন, ‘দুজনকেই। কারণ তারা দুজনই ভালো খেলোয়াড়।’ তবে বাস্তবতায় চোখ রাখছেন বার্সা কোচ। চাইলেই যে দুই খেলোয়াড়কে আনা সম্ভব নয়, সেটি তার ভালো করেই জানা, ‘সবাই ভালো খেলোয়াড়, আমি তাদের কিভাবে পছন্দ না করি? নেইমার তাদের মধ্যে একজন। তবে এখানে বিষয় হলো আপনাকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে কোনটা সম্ভব, আর কোনটা সম্ভব নয়।’ সঙ্গে যোগ করলেন, ‘আমরা জানি এই ধরনের ফুটবলারের দাম অনেক বেশি এবং এই কারণে তাদের আনা সহজ বিষয় নয়।’





