ডা. মঈনের মৃত্যুতে ড্যাবের একাধিক কর্মসূচি

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দেশের প্রথম চিকিৎসক ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে শনিবার সারাদেশে কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করবে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব)। দলমত নির্বিশেষে সব পর্যায়ের সারাদেশের চিকিৎসকদের এই কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছেন ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশীদ। বৃহস্পতিবার তিনি এ কর্মসূচির কথা জানান। তিনি বলেন, কালোব্যাজ ধারণের পাশাপাশি শনিবার দুপুর ১২টা ১ মিনিটে এক মিনিট নীরবতা পালন করবেন তারা। এছাড়া চিকিৎসকসহ অন্যান্যদের ডা. মঈনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করার অনুরোধ জানিয়েছেন হারুন আল রশীদ। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন।