স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় পুলিশ বৃহস্পতিবার উপজেলার মনোহরপুর ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তফা মহিতুজ্জামানসহ পাঁচজনকে আটক করেছে। দুপুরে পুলিশ তাদেরকে আদালতে চালান দেয়। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম তাদের জামিন মঞ্জুর করেন। বিকেলের দিকে তারা মুক্তি পান।
মনিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, উপজেলার মনোহরপুর বাজারের পাশে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তফা মহিতুজ্জামানের সাথে মান্নান সরদারের বিবাদ চলে আসছিল। মান্নান সরদার ১১ এপ্রিল সকালে ওই বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ শুরু করেন। এ সময় তাতে বাধা দেন সাবেক ইউপি চেয়ারম্যান মহিতুজ্জামান ও তার লোকজন। এ সময় বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মান্নান সরদার, ওয়াজেদ আলী, আব্দুর রউফ, নজরুল ইসলামসহ ৬ জন কমবেশি আহত হন। এর মধ্যে অবস্থার অবনিত হওয়ায় মান্নান সরদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ১২ এপ্রিল মান্নান সরদার বাদী হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মহিতুজ্জামানকে প্রধান করে পাঁচজনের নাম উল্লেখসহ থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারি অফিসার নেহালপুর ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বখতিয়ার হোসেন বৃহস্পতিবার সকালে সাবেক ইউপি চেয়ারম্যান মহিতুজ্জামানসহ পাঁচ জনকে আটক করেন। আটককৃত অন্যরা হলেন মুজিবুর রহমান গাজী লিটন, রজব আলী গাজী, হিল্লাল বিশ্বাস ও আজহারুল ইসলাম। পুলিশ তাদেরকে দুপুরের দিকে আদালতে চালান দেয়। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন। বিকেল তারা মুক্তি পান।





