খাজুরা (যশোর) সংবাদাদাতা ॥ রাস্তাঘাট মানুষজন শূন্য। চারপাশে অন্ধকার আর সুনশান নিরবতা। করোনা দুর্যোগে এলাকার মানুষজন এখন ঘরবন্দি। কোথাও কোনো সাড়াশব্দ নেই। এই পরিস্থিতিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের ক্ষেত্রপালা গ্রামের কর্মহীনদের বাড়িতে খাবার নিয়ে ছুটে গেলেন গ্রামের যুবকরা। ঘুম থেকে ডেকে তুলে ৫০জন কর্মহীন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের হাতে খাবারের প্যাকেট তুলে দেন তারা। প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, লবণ, তেলসহ প্রয়োজনীয় দ্রব্য। খাবার পেয়ে খুশিতে আত্মহারা ভ্যানচালক মেহেদী হাসান, দিনমজুর আব্দুল কাদের ও কৃষাণী আমেনা খাতুন। কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন তারা।
গত শনিবার (১১ এপ্রিল) উপজেলার ক্ষেত্রপালা গ্রামের সালমান রহমান আকাশ ও ইয়াসিন আরাফাত নামে দুই যুবক এ উদ্যোগ গ্রহণ করেন। তাদের বন্ধু একই গ্রামের হাবিবুর রহমান ফেসবুকে একটি গ্রুপ খোলেন। তাতে যুক্ত হন গ্রাম ও গ্রামের বাইরে থাকা সব কর্মজীবী যুবক। আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন গ্রামের মালয়েশিয়া প্রবাসী কামাল হোসেন, সৌদি-আরবের খালিদ হাসান ও দুবাইয়ের হুমায়ূন কবীরসহ অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথা হলে তারা (প্রবাসীরা) জানান, ‘আমরাও এক সময় খাবারের কষ্ট পেয়েছি। সারাদিন না খেয়েই কাটিয়েছি। এখন আমাদের অবস্থা ফিরেছে। তাই সামর্থ অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছি’।
এ ব্যাপারে জানতে চাইলে গ্রামের যুবকরা জানান, দিনের বেলা খাবার দিতে গেলে জনসমাগমের সৃষ্টি হয়। সে জন্য গভীর রাতে খাবার বিতরণ করা হচ্ছে। মধ্যবিত্তদের খাবার দেওয়ার ব্যাপারে তারা বলেন, মধ্যবিত্ত পরিবারগুলো লাজলজ্জায় প্রকাশ্যে সাহায্য (খাবার) নিতে চায় না। সে জন্য রাতের আঁধারে তাদের বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে তারা (যুবকরা) আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে তারা গ্রামের প্রতিটি বাড়ির আনাচে-কানাচে জীবাণুনাশক স্প্রে ও হাত ধোবার সাবান বিতরণ করেন। সম্প্রতি স্থানীয়ভাবে কমিটি গঠন করে গ্রামকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।




