অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে লাশ হলেন হালিমা

মেহেরপুর প্রতিনিধি॥ অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে নিজেই লাশ হলেন হালিমা খাতুন (৩০)। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে মেহেরপুরের কোলা গ্রামে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এ সময় তার স্বামী ইজারুল ইসলামও গুরুতর আহত হন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, মুজিবনগর উপজেলার যতারপুর গ্রাম থেকে ইজারুল স্ত্রী হালিমাকে নিয়ে মোটরসাইকেল যোগে অসুস্থ শ্বশুরকে দেখতে সদর উপজেলার রাইপুরে যাচ্ছিলেন। বিপরিত দিক থেকে আসা একটি ইজিবাইক কোমরপুরে যাচ্ছিল। কোলা গ্রামের ফাতেমা নার্সারির সামনে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হালিমার মৃত্যু হয়। ইজারুলের একটি হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ও মেহেরপুর ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে।

ভাগ