তালার কপোতাক্ষ নদের পাড়ে সদ্যজাত দুই নবজাতকের লাশ

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালার মেলাবাজারস্থ কপোতাক্ষ নদের তীর থেকে দুই সদ্যজাত নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এলাকাবাসী নদের তীরে দুই শিশুর লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ দু’টি উদ্ধার করে। এ ব্যাপারে তালা থানার ওসি মো. মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নবজাতক দু’টি এতো ছোট যে তারা ছেলে নাকি মেয়ে সেটা সনাক্ত করার উপায় নেই।
স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১ টার দিকে তালা মেলাবাজার হতে মাঝিয়াড়া রোডে কপোতাক্ষ নদে দুই জেলে মাছ ধরছিলেন। এ সময় তারা নদের তীরে দু’টি নবজাতকের লাশ দেখতে পান। এর মধ্যে একটি লাশ নদের মধ্যে এবং অপরটি নদের পাড়ে ছিল। এ সময় জেলেরা স্থানীয় কয়েকজন যুবককে জানালে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে নবজাতক দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, নবজাতক দুটি কোন মায়ের পাপের ফসল। ৫/৬ মাস বয়সে গর্ভপাত ঘটিয়ে এখানে ফেলে রেখে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, নবজাতক দু’টি পুলিশ হেফাজতে রয়েছে। তবে এ দুটি সম্ভবত ভ্রুণ, তাই ছেলে নাকি মেয়ে সেটা সনাক্ত করার উপায় নেই।

ভাগ