স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের ছেলে শাহ আবিদ কামরানকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
র্যাব-৬ যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা গত মঙ্গলবার ( ১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে অভয়নগরে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালান। এসময় উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীরের চেয়ারম্যানের ছেলে শাহ আবিদ কামরানকে তারা আটক করেন। পরে তার ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এব্যাপারে র্যাবের পক্ষ থেকে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা মামলা করা হয়েছে বলে এএসপি সোহেল রানা জানান। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানা পুলিশের এসআই আতাউর রহমান বুধবার আটক শাহ আবিদ কামরানকে আদালতে সোপর্দ করেন। সময় তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।





