বেনাপোলে পিস্তল ও গুলিসহ সোনা পাচারকারী সুজন সহযোগীসহ আটক

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোলে হেরোইন, ডলার ও সোনা পাচারকারী সুজন ও তার সহযোগী আল-আমিনকে একটি ৭.৬৫ এম এম পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। আটক সুজন বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের কাদের ড্রাইভারের ছেলে এবং আলামিন একই থানার গাজিপুর গ্রামের ঠান্ডুর ছেলে। স্থানীয়রা জানান, সুজন এলাকায় একজন অস্ত্রধারী সন্ত্রাসী। এলাকায় ‘বিষাক্ত সুজন’ নামে সে পরিচিত। সে সোনা ডলারসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে। এর আগে তাকে হেরোইনসহ বেনাপোল পোর্ট থানা পুলিশ আটক করেছিল। জেল থেকে বের হয়ে এসে সে আবারও একই ধরনের কাজ করে যাচ্ছে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নামাজ গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ১টি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ সুজন ও আলামিনকে আটক করা হয়। সুজন একাধিক মামলার আসামি। আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

ভাগ