স্টাফ রিপোর্টার॥ যশোরের শার্শায় আফিল জুট উইভিং মিলস লিমিটেডের মেশিন এরিয়ায় আগুন লেগে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মিল কর্তৃপ। মঙ্গলবার বেলা সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগলে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে ফোন দিলে বেনাপোল ফায়ার স্টেশনের কর্মী বাহিনী প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় বুধবার সকালে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর ৫০৭।
আফিল জুট উইভিং মিলস লিমিটেডের ব্যবস্থাপক (উৎপাদন) কবিরউজ্জামান বলেন, বেলা সাড়ে ৪টার সময় মেশিন এরিয়ায় শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। আগুনে ১টি রিং টুইস্ট মেশিন, যার মূল্য ৬৫ লাখ টাকা, ২২টি প্রিসিশন মেশিন, যার মূল্য ৮ লাখ ৮০ হাজার টাকা। ২৫০ টি গ্যাস সিলিন্ডার, যার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। ৩০০ টি ববিন, যার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। ১টি বেলপ্রেস, যার মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা। ১০ মেট্রিক টন সুতা, যার মূল্য ১১ লাখ টাকা। ১০০০ টি সাম্পুল, যার মূল্য ৫২ হাজার টাকা ও কিছু বৈদ্যুতিক সরঞ্জাম, যার মূল্য ১ লাখ ৫ হাজার টাকাসহ ১ কোটি ৩ লাখ ৮৭ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে বেনাপোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ তৌহিদুর রহমান বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে শার্শার আফিল জুট উইভিং মিলস লিমিটেডের মেশিন এরিয়ায় আগুন লাগে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ৫টার সময় আমরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই। থানায় সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ফরিদ ভুঁইয়া।





