স্টাফ রিপোর্টার ॥ পরিবেশ দূষণের অপরাধে বুধবার যশোর সদর উপজেলার সততা চুন ফ্যাক্টরি বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ফ্যাক্টরি মালিককে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।
পেশকার নাজমুল হুসাইন জানান, বসুন্দিয়া বটতলার সততা চুন ফ্যাক্টরি থেকে বিকট দুর্গন্ধ ছড়াচ্ছে স্থানীয় লোকজনের এমন অভিযোগের দুপুর সাড়ে ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। এ সময় আদালত ওই ফ্যাক্টরি থেকে দুর্গন্ধ ছড়ানোর প্রমাণ পান। এছাড়া পরিবেশ অধিদফতরের কোন লাইসেন্স না থাকায় আদালত ফ্যাক্টরি বন্ধ রাখার জন্য নির্দেশ দেন। একই সাথে চুন ফ্যাক্টরি মালিক আবু বক্করকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়।





