বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানায় ৬৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের কাছ থেকে ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গেল ২৪ ঘণ্টায় জেলার ৯ উপজেলার বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এর আগে চারদিনে জেলায় ৩০২ জনের কাছ থেকে ২ লাখ ১৬ হাজার এক শ চল্লিশ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই নিয়ে সামাজিক দূরত্ব না মানায় জেলায় ৩৬৭ জনকে ২ লাখ ৬৭ হাজার এক শ চল্লিশ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান বলেন, বাগেরহাটের মানুষকে ঘরবন্দি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের ৩০ টিরও বেশি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। সামাজিক দূরত্ব না মানার অপরাধে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৬৫ জনকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।





