বাগেরহাট অফিস ॥ বাগেরহাটের চিতলমারীতে করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন একজন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। বুধবার দুপুরে খুলনা মেডিকেল কলেজের পিসিআর থেকে বাগেরহাটের স্বাস্থ্য বিভাগের কাছে এই তথ্য আসে। এই ঘটনায় শনাক্ত হওয়া ওই বাড়িসহ পাশের ১৬টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। ওই বাড়ির সবার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ। বাগেরহাটে এই প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলো।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, চিতলমারীর এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ফরিদপুর থেকে নিজের গ্রামের বাড়িতে ফিরেছেন। মঙ্গলবার পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন উপজেলা থেকে মোট ৫৪ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এটি জেলার প্রথম কোনো করোনা রোগী শনাক্ত হলো।
বুধবার বিকেলে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় এবং স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম ওই রোগীর বাড়িতে যায়। তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম এই প্রতিবেদককে বলেন, গত ৯ এপ্রিল ওই ব্যক্তি ফরিদপুরের ভাঙা উপজেলা থেকে বাগেরহাটের চিতলমারীর গ্রামের বাড়িতে ফেরেন। তিনি ভাঙার একটি মসজিদের ইমাম ছিলেন। তার বয়স ৩৫ বছর। জেলার বাইরে থেকে আসায় গত ১১ এপ্রিল স্বাস্থ্য বিভাগ তার বাড়িতে যায়। তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজের পিসিআরে পাঠায় মেডিকেল টিম। বুধবার দুপুরে পিসিআর থেকে আসা রিপোর্টে তার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় ওই বাড়িসহ পাশের ১৬টি বাড়ি লকডাউন করা হয়েছে।





