স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় সরকারি ৫০ শয্যা হাসাপতালের চিকিৎসক নার্সসহ সকলেই করোনাভাইরাসের সংক্রমনের ঝুঁকির মধ্যেও সেবা অব্যাহত রেখেছেন। তবে তাদের সুরক্ষায় আরও পিপিই প্রদান জরুরি বলে অনেকে মনে করছেন।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগের সামনে রোগীদের লম্বা লাইন। এর বেশির ভাগই হচ্ছে মা ও শিশু। লাইনে রোগীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবী কর্মী। টিকিট প্রদান থেকে শুরু করে স্বেচ্ছাসেবী এমনকি নার্স ও চিকিৎসক ঝুঁকি নিয়ে এই সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বর্তমান এই মুহূর্তে হাসপাতালের ডাক্তার নার্সদের জন্য পর্যাপ্ত পরিমাণ পিপিই জরুরি বলে মনে করছেন অনেকে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাহিদ সিরাজ বলেন, চৌগাছা হাসাপাতাল মা ও শিশু চিকিৎসায় বরাবরই সেরা। যার কারণে প্রতি দিনই উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলা থেকে রোগী এখানে আসছেন এবং সেবা নিচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে রোগীদের সেবা দিতে গিয়ে কিছুটা সমস্যা হচ্ছে জানিয়ে তিনি বলেন, হাসপাতালের জন্য আরও কিছু পিপিই হলে হাসপাতালে কর্মরত সকলেই উপকৃত হবেন।





