লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের প্রকোপের মধ্যে সৌদি আরব থেকে দেশে ফিরলেন ৩১২ জন বাংলাদেশি। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট তাদের নিয়ে ঢাকায় অবতরণ করে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটি ঢাকায় এসেছে। জানা গেছে, সৌদি আরবের ডিপোটেশন সেন্টারে থাকা ১৬৮ জন বাংলাদেশি শ্রমিক, ১৩১ জন ওমরাহ যাত্রী এবং ১৩ জন ক্রু এ ফ্লাইটে দেশে ফিরেছেন। রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে দেশটির স্থানীয় প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয় করে এসব আটকে পড়া যাত্রীদের দেশে পাঠানো হয়েছে বলে জানা গেছে।





