ফিক্সারদের শাস্তির আওতায় আনতে সরকারকে বলবে পিসিবি

লোকসমাজ ডেস্ক॥ পাকিস্তান ক্রিকেটে বর্তমানে সবচেয়ে বড় বিতর্ক ফিক্সিং ও ফিক্সারদের ঘিরে। ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষধাজ্ঞা পাওয়া শারজিল খানকে সময়ের আগে ফেরানো, পাকিস্তান সুপার লিগে খেলতে দেওয়া, এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে বেশ। হালের মোহাম্মদ হাফিজ থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ সবাই সরব এ নিয়ে।
মিঁয়াদাদ তো শাস্তি হিসেবে ফাঁসির দাবিও করেছেন। তবে বিপরীত অবস্থানে থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডর (পিসিবি) প্রধান নির্বাহি ওয়াশিম খান বলেছেন, ‘এ বিষয়ে যা দেখার পিসিবি দেখবে।’ এরপর দেশটির সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ দাবি জানিয়েছেন, ফিক্সারদের জাতীয় অপরাধী হিসেবে গণ্য করে নতুন আইন প্রণয়নের জন্য। এবার এই প্রস্তাব নিয়ে সিরিয়াস অবস্থানে পিসিবি। বোর্ডের চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, ফিক্সারদের অপরাধী হিসেবে গণ্য করে নতুন আইন পাশের জন্য সরকারের সঙ্গে কথা বলেছেন তিনি। এহসান মানি বলেন, ‘আমি এরই মধ্যে সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। কারণ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো দেশগুলোতে ম্যাচ ফিক্সিংকে গুরুতর অপরাধ হিসেবেই ধরা হয়। আমরা তাদের প্রক্রিয়াটা ভালোভাবে পর্যবেক্ষণ করছি। আমরাও চাই ক্রিকেটে দুর্নীতিকে ক্রিমিনাল অ্যাক্ট হিসেবেই ধরা হোক।’ ফিক্সিংকে অপরাধ হিসেবে ধরলেও, যারা শাস্তি ভোগ করে ক্রিকেটে ফেরার অবস্থায় থাকবেন, তাদের জন্য দরজা বন্ধ হবে না বলেও জানিয়েছেন এহসান মানি। এক্ষেত্রে কোন নির্দিষ্ট খেলোয়াড়ের কথা টানেননি তিনি, তবে জানিয়েছেন সবার জন্য একই নিয়ম। পিসিবি চেয়ারম্যানের ভাষ্যে, ‘আমি কোন নির্দিষ্ট খেলোয়াড়ের কথা বলবো না। তবে এখন যেসব খেলোয়াড় নিজেদের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলেছে এবং রিহ্যাব প্রক্রিয়াও শেষ করেছে, তাদের অবশ্যই পুনরায় খেলার অধিকার রয়েছে।’

ভাগ