ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে ৩ টি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, নকল ওষুধ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওষুধ প্রশাসন, জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহযোগিতায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ক্যাসেল ব্রিজ এলাকার বাধন ফার্মেসি, আরাপপুরের আসাদ ফার্মেসি ও কেসি কলেজ এলাকার নিউ তাজমহল ফার্মেসি থেকে বিপুল পরিমাণ নকল ও নিষিদ্ধ কোম্পানির ওষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হেদায়েত উল্যাহ ২ টি ফার্মেসিকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করেন। মালিক না থাকায় নিউ তাজমহল ফার্মেসিটি সিলগালা করা হয়। তিনি জানান, এর আগে রবিবার সন্ধ্যায় শহর এইচ এস এস সড়ক ও শৈলকুপার শেখপাড়া বাজার থেকে নকল ও বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ করা হয়। অভিযানে জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।





