ঝিনাইদহ প্রতিনিধি॥ খাটিয়ার অভাবে করোনা উপসর্গে মৃত ব্যক্তির জানাজা আর মাটিতে রেখে সম্পন্ন করতে হবে না ঝিনাইদহের কালীগঞ্জে। উপজেলার আড়পাড়ার কামরুজ্জামান তোতা নামের এক ব্যক্তি করোনা উপসর্গে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করতে একটি খাটিয়া দান করেছেন। সোমবার করোনায় বা করোনা উপসর্গে মৃতদের দাফন সম্পন্ন করার দায়িত্ব নেওয়া একদল তরুণ স্বেচ্ছাসেবী আলেমদের কাছে এ খাটিয়া হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বেচ্চাসেবী টিমের সদস্য মুফতি ফারুক নোমানী।
উল্লেখ্য গত শনিবার রাতে করোনা উপসর্গ নিয়ে কালীগঞ্জে এক ব্যক্তি মারা যায়। রবিবার মৃতের দাফন সম্পন্ন করতে এলাকাবাসী মসজিদের খাটিয়া ব্যবহার করতে দেয়নি। ফলে ওই ব্যক্তির মরদেহ মাটিতে রেখেই জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। এই সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে কামরুজ্জামান তোতার নজরে আসে। আগামীতে আর যাতে কারও লাশ দাফন নিয়ে এমন বিব্রত পরিস্থিতিতে না পড়তে হয় সেই জন্য তিনি খাটিয়া দান করেছেন। খাটিয়া তৈরিতে আড়পাড়ার নেয়ামত উল্লাহ ও নিশ্চিন্তপুর গ্রামের জাহিদ হাসান সহযোগিতা করেছেন বলে নোমানী জানান। তিনি আরও জানান, কামরুজ্জামান দ্রুতই তাদের একটি জীবানুনাশক স্প্রে মেশিন কিনে দেওয়ার কথা জানিয়েছেন।





