টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিট নয় বর্তমান চ্যাম্পিয়নরা

লোকসমাজ ডেস্ক॥ আজ বিশ্বের এ মহাদেশে ও পরশু আরেক মহাদেশে। তিন দিনের ব্যবধানে বিশ্বের দুই প্রান্তে খেলার অভিজ্ঞতাও আছে একজনের। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ডরা টি-টোয়েন্টির পোস্টারবয়। শুধু ঘরোয়া ক্রিকেটে তাদের সাফল্য সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক মঞ্চেও তাদের সাফল্য ঈর্ষণীয়। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ছয় বিশ্বকাপের দুটি গেছে তাদের ঘরে। এছাড়া ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা পেয়েছে একবার করে।
সীমিত পরিসরের সংক্ষিপ্ততম ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ বরাবরই হট ফেভারিট। কিন্তু এ বছরের অস্ট্রেলিয়া বিশ্বকাপে তাদের ফেভারিট মানতে নারাজ দলটির নির্বাচক কমিটির প্রধান রজার হার্পার। সম্প্রতি এক রেডিও অনুষ্ঠানে যোগ দিয়ে হার্পার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই এবারের বিশ্বকাপে অপ্রতিরোধ্য ফেভারিটের তালিকায় থাকবে না।’ তাঁর ভাষ্য, ‘আপনাকে বাস্তববাদী হতে হবে। হ্যাঁ আমরা বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু আমরা বিশ্বের এক নম্বর দল নই। এটা কি প্রমাণ করে না যে, বিশ্বকাপের পর আমাদের ধারাবাহিক অবনতি হয়েছে।’ কাইরন পোলার্ডকে ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব দেওয়া হয়েছে গত সেপ্টেম্বরে। সব কিছু ঠিকঠাক থাকলে তাঁর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে ক্যারিবীয়ানরা। দলে এসেছেন ডোয়াইন ব্রাভোর মতো পরীক্ষিত ক্রিকেটার। গেইল, রাসেল, ব্রাফেটরা তো আছেনই। এছাড়া ড্যারেন স্যামি, মারলন স্যামুয়েলসের মতো অভিজ্ঞরা জাতীয় দল থেকে বাদ পড়ার পর তরুণরা জায়গা নিয়েছেন। হেটমায়ার, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েলদের মতো মারকুটে ব্যাটসম্যান দলে এসেছেন। বোলিং বিভাগও শক্তিশালী। সব মিলিয়ে দলটা খারাপ না, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতো নয় বলে মনে করেন রজার হার্পার। ‘আমার কথা খারাপ ভাবে নেবেন না। কিন্তু বিশ্বকাপ জয়ের সম্ভাবনা খুবই কম। কিন্তু আমাদেরকে অবশ্যই বিশ্বকাপের জন্য লড়তে হবে। আমরা অপ্রতিরোধ্য নই। কিন্তু আমাদেরকে খেলতে হবে সেভাবেই। সেরা একাদশ বাছাই করতে হবে যেন মাঠে সেরা পারফরম্যান্সটা দিতে পারি।’ – যোগ করেন তিনি।

ভাগ